ঝালকাঠি প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নেতৃত্ব গঠিত হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের পেশিশক্তি বা ভোট কাটার অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে। বিগত দিনের মতো ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কোনো রক্তচক্ষুকেই ভয় করা যাবে না।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী রাজনৈতিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়, তবে আগামী নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি হবে।
এছাড়া বক্তৃতা করেন— খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এক হলে আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। দেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী চেতনায় বিশ্বাসী শক্তিগুলো।
নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের অংশ হিসেবে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

