নাটোর প্রতিনিধি :
নাটোরে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার চন্দ্রকলা পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতেই তাদের এ উদ্যোগ। কর্মসূচিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকে আসক্ত হয়ে অনেক তরুণ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যার ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে এবং নারীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে তারা মাদক সেবন ও মাদক ব্যবসাকে দায়ী করেন।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ইয়াকুব আলী দুলালের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈয়বুল হাসান, সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ আলী প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ওসমান আলী প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রতন আলী সরকার, তরুণ নেতৃত্ব গ্রাম ডাক্তার মো. ওয়াসিমুল বারী রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন, যা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

