গলাচিপায় জেলে কার্ড দেওয়ার নামে বিধবা নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জেলে কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক অসহায় বিধবা নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা সভাপতি মো. জাকির খানের বিরুদ্ধে।

অভিযোগকারী মোসা. নুরজাহান বেগম উপজেলার মুরাদনগর এলাকার বাসিন্দা। তিনি জানান, তার স্বামী জিনতু প্যাদা মারা গেছেন এবং তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারানোর পর থেকে তিনি চরম আর্থিক সংকটে জীবনযাপন করছেন।

নুরজাহান বেগমের অভিযোগ, কয়েক বছর আগে জেলে কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মো. জাকির খান তার কাছ থেকে ৫ হাজার টাকা নেন। তিনি দাবি করেন, দুইজনের নামে জেলে কার্ড করে দেওয়ার কথা বলা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো কার্ড পাননি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিভিন্ন অজুহাত দেখানো হয়েছে এবং নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত মো. জাকির খান গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী এলাকার মঙ্গলবার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির খান। তার দাবি, “প্রায় সাত থেকে আট বছর আগে ওই মহিলা আমাকে এক হাজার টাকা দিয়েছিলেন। পরে আমি তাকে এক বস্তা চাল দিয়েছি। তিনি যে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগ ও পাল্টা বক্তব্য উভয়ই সামনে এসেছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হওয়ার আগ পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here