নাটোরে ‘বাঘ সদৃশ’ প্রাণী দেখে চাঞ্চল্য, বন বিভাগের ধারণা বড় আকারের শেয়াল

নাটোর প্রতিনিধি :

 

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম এলাকায় বাঘের মতো দেখতে একটি প্রাণী দেখা গেছে—এমন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভিডিওতে দেখা প্রাণীটি সম্ভবত বড় আকারের একটি শেয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার আগে আমিরগঞ্জ বাজারসংলগ্ন সড়কের পাশে একটি ভুট্টাক্ষেতের মধ্য দিয়ে প্রাণীটিকে হেঁটে যেতে দেখা যায়। এ সময় শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে মোবাইল ফোনে প্রাণীটির ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

ভিডিও ধারণকারী শহিদুল্লাহ জানান, প্রাণীটি ভুট্টাক্ষেতের পাশ দিয়ে চলাচল করছিল। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে লোকজন প্রাণীটিকে অনুসরণ করলে সেটি দ্রুত ভুট্টাক্ষেতের ভেতরে ঢুকে যায়। এরপর আর সেটির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, বাঘের গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন। বিশেষ করে সন্ধ্যার পর শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে একা চলাচল না করা এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে নাটোর ফরেস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নাটোর অঞ্চলে বাঘের স্বাভাবিক আবাস নেই। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন।

তার ভাষ্য, প্রাথমিক পর্যবেক্ষণে এটি শেয়াল বা শেয়ালজাতীয় কোনো বন্য প্রাণী হতে পারে। ভবিষ্যতে প্রাণীটিকে আবার দেখা গেলে কেউ যেন সেটিকে বিরক্ত বা তাড়া না করেন। বরং দ্রুত বন বিভাগকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজন হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থল পরিদর্শন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here