নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে কচুরিপানার নিচে প্রায় ৯ ঘণ্টা আত্মগোপন করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি দুই সন্দেহভাজনের। দীর্ঘ তল্লাশি শেষে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে চারজন পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন, আর অপর দুজন পালিয়ে যান।
পরে এলাকাবাসী খালটি ঘিরে রেখে প্রায় ৯ ঘণ্টা তল্লাশি চালান। একপর্যায়ে কচুরিপানার ভেতর থেকে ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয়রা তাদের নিরাপদে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক দুজনকে প্রশাসনের হেফাজতে নেন। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় যুবক রাকিব বলেন, “ওরা কচুরিপানার নিচে লুকিয়ে থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী খাল ঘিরে রাখায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হয়।”
তাৎক্ষণিকভাবে আটক দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এই বাংলা/এমএস
টপিক

