নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই এ কৃতিত্ব অর্জন করায় এলাকায় আনন্দের পাশাপাশি চমকের সৃষ্টি হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলেন— তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবা রেজাউল করিম সরকার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিল্পী খাতুন গৃহিণী। বর্তমানে তিন বোনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই তিন বোন একসঙ্গে বেড়ে উঠেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণায় তারা এই সাফল্য অর্জন করেছে।
তিন কন্যার বাবা রেজাউল করিম সরকার বলেন, “ওরা একসঙ্গে জন্মেছে, একসঙ্গে বড় হয়েছে। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ ছিল। আমি যতটুকু পারি তাদের পড়াশোনায় সময় দিই। তাদের মা-ও সবসময় পাশে থেকেছে। আল্লাহর রহমত, শিক্ষকদের দিকনির্দেশনা, স্বজনদের অনুপ্রেরণা এবং ওদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, “তিন বোনই ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও বিনয়ী। তারা সবসময় পড়াশোনায় মনোযোগী ছিল। তাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আশা করি।”
জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, “তিনজনই বর্তমানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখবে বলে আমাদের বিশ্বাস।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার জানামতে এটি একটি বিরল ঘটনা। তিন বোনের এই অসাধারণ সাফল্যে আমি আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
এই বাংলা/এমএস
টপিক

