কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ভিমরুলের আক্রমণে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোস্তাকিম তার চাচাত ও জেঠাত ভাইদের সঙ্গে রাস্তার পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি একটি পেয়ারা গাছে থাকা ভিমরুলের চাকের ওপর গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত ভিমরুলের ঝাঁক তিন শিশুর ওপর আক্রমণ চালায় এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে দংশন করে।
শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মোস্তাকিমের মৃত্যু হয়। আহত আকাশ (১০) ও সাইফ (৪)-এর চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দা শহীদ জানান, শিশুরা মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ ভিমরুলের ঝাঁক তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকায় থাকা বিষাক্ত ভিমরুলের চাক শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এই বাংলা/এমএস
টপিক

