কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি ইজিবাইকে থাকা মো. মফিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কচটেপ ও পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তবে এসব তথ্য তদন্তের অংশ এবং তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং মাদক সরবরাহ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস
টপিক

