স্টাফ রিপোর্টার, নাটোর :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে পরিচালিত সহিংসতায় বহু মানুষ নিহত ও আহত হন। দুই বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার দৃশ্যমান বিচার হয়নি বলে তারা দাবি করেন। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের ফল দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তারা আরও বলেন, গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদের পক্ষে মত দিয়েছে বলে তাদের দাবি। তাই জনগণের এই ম্যান্ডেট বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, সেক্রেটারি ডা. ফজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেক রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নওশাদ নোমানী, বায়তুলমাল সম্পাদক মো. জিয়াদুল ইসলাম জিহাদ, নলডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. আব্দুল বারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

