নবজাতক মৃত্যুর অভিযোগে তদন্তের পর ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

0
159
কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ / ফাইল ফুটেজ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ডক্টরস কমিউনিটি ক্লিনিকের লেবার রুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন গণমাধ্যমে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগে সংবাদ প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত ২৮ অক্টোবর দৈনিক জনকণ্ঠ ও হামার কুড়িগ্রামে “উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ” শিরোনামের খবর প্রকাশিত হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে ৩০ অক্টোবর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়—ক্লিনিকের বিভিন্ন অনিয়ম সংশোধন না হওয়া পর্যন্ত জনগণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এর লেবার রুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

তদন্ত প্রতিবেদনে ক্লিনিকের নানা অনিয়ম তুলে ধরা হয়— বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি, সার্বিক ব্যবস্থাপনায় অগোছালো পরিবেশ, ডিউটি ডাক্তার অনুপস্থিত থাকা এবং অন-কলের মাধ্যমে দায়িত্ব পালন, বর্জ্য ব্যবস্থাপনায় কালার কোড না মানা, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করা।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ত্রুটি দূর করে লাইসেন্স হালনাগাদ করার পর পুনরায় পরিদর্শনের ভিত্তিতে কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডক্টরস কমিউনিটি ক্লিনিকের পরিচালক ডা. লোকমান হাকিম জানান, নির্দেশনা পাওয়ার পর লেবার রুম ও ওটি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০ অক্টোবর ক্লিনিকটিতে সন্তান প্রসবের সময় পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার মিথী খাতুনের নবজাতক জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here