নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১১ মে নাটোর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ , জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামিসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
এর আগে সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে লালপুর উপজেলা দল ৪-০ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উল্লেখ্য গত ২ মে থেকে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আটটি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হয়। এ প্রতিযোগিতায় দুই হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহন করে।
এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত্ব ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে। এর ফলে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক স্বাস্থ্য অটুট থাকবে।
ফলশ্রুতিতে মেধাবী জাতি গঠনের পথে এগিয়ে যাবে দেশ। ক্রীড়াসহ সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ তৈরীতে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
এ পুরস্কার বিতরণীর মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব ও জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াবিদদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এই বাংলা/এমএস
টপিক

