নগরকান্দার প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান সরদার আর নেই

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আব্দুল ওয়াহেদ সরদারের জ্যেষ্ঠ সন্তান ছিলেন।

রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মনিরুজ্জামান সরদার একাধিকবার নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদানও উল্লেখযোগ্য। তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এবং সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন। একসময় তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্বে ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নগরকান্দা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ভাতিজা ও সমাজসেবক সরদার সাব্বির ইবনে জামান জানান, মানুষের কল্যাণে কাজ করা এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ছিলেন পরিবারের অভিভাবকসুলভ একজন মানুষ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here