নগরকান্দায় তহসিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস ইউএনওর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে একজনের কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনতে এবং পরে সেবাগ্রহীতাকে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিতে দেখা যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে একজন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনছেন। পরে তিনি বলেন, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কোন কাজের বিনিময়ে টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. সরোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সত্য নয়। এটি এআই দিয়ে তৈরি করা। অনেক অশিক্ষিত মানুষ ভূমি অফিসে খাজনা দিতে আসেন। তারা বিষয়গুলো বুঝতে না পারায় তাদের কাজ বুঝিয়ে দিতে হয় এবং তাদের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।”

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যেই জেলার আরেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here