নকলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে টাইগার মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

নকলা (শেরপুর)প্রতিনিধি :

 

শেরপুরের নকলা উপজেলায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের টাইগার মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলার জালালপুরস্থ ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ব্র্যাকের ২২ জন সদস্যের মাঝে ২০টি করে মোট ৪৪০টি টাইগার মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে মুরগির সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচ্ছন্নতা এবং স্বল্প খরচে লাভজনকভাবে মুরগি পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এছাড়া উৎপাদন বৃদ্ধি ও আয় বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

আয়োজকরা জানান, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম, নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, ডিএসএস (কৃষি ও বীমা) রাশেদুজ্জামান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার হেলেনা ফেরদৌস, সিনিয়র শাখা ব্যবস্থাপক জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে মুরগির বাচ্চা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পাওয়ায় তারা স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ পেয়েছেন। এটি তাদের পরিবারের আয় বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে বলে তারা আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here