দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, সভাপতি মামুন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক সালমান খান এবং সাংবাদিক আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ বলেন, “দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করি, আপনার নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের সামনে তুলে ধরা হবে। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিক সমাজ সবসময় সহযোগিতা করবে।”
নবযোগদানকৃত ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, “উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই আমার মূল লক্ষ্য। দৌলতপুরের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবেন—এটাই প্রত্যাশা। মাদক ও অপরাধমুক্ত দৌলতপুর গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।”
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

