বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শরণখোলায় লোকালয়ে ঢোকা ৬ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মঠবাড়ীয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে অজগরটির উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরণখোলা রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে নিয়ে আসে।

বন বিভাগ জানায়, খাদ্যের সন্ধানে অথবা পথ হারিয়ে অজগরটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করে। এতে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে বর্ষাকালে এ ধরনের ঘটনা বেশি ঘটে বলে তাদের দাবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের মতে, বনাঞ্চলে খাদ্যের সংকট কিংবা আবাসস্থলের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসছে। তারা বনের ভেতরে নজরদারি বৃদ্ধি এবং বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল সংরক্ষণের দাবি জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল বলেন, উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল। তাই দ্রুতই সেটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। জনবল সংকট ও দুর্গম বনাঞ্চলের কারণে সব সময় দ্রুত পৌঁছানো কঠিন হলেও বন বিভাগ নিয়মিত টহল পরিচালনা করছে এবং স্থানীয়দের সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছে।

বন বিভাগ ও পরিবেশ সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তন, বনাঞ্চলে মানুষের হস্তক্ষেপ এবং আবাসস্থলের পরিবর্তনের কারণে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় বন সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর