নলডাঙ্গায় জাসাস নেতার ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাসের সাধারণ সম্পাদক আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জাসাসের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে নলডাঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে একটি চক্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, সাংবাদিক লাঞ্ছনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা আকবর আলীর ওপর হামলা ও মোটরসাইকেল এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু ও তার সহযোগীরা পথরোধ করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, আকবর আলী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা তার ব্যবহৃত মোটরসাইকেল এবং নগদ এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আকবর আলী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সমবায় দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম এবং পৌর জাসাসের সভাপতি মো. শাহিন মোল্লাসহ অন্যান্য নেতারা।
তবে অভিযোগ অস্বীকার করে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।