দেড় যুগ ধরে অচল পবিপ্রবির সিসমোগ্রাফ: ভূমিকম্প নজরদারি বড় ঝুঁকিতে

0
187
দক্ষিণাঞ্চলে ভূমিকম্প পর্যবেক্ষণে বিপর্যয় / ছবি : এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

দক্ষিণাঞ্চলে ভূমিকম্প পর্যবেক্ষণের একমাত্র স্থায়ী সিসমোগ্রাফটি টানা ১৫ বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ের অ্যানালগ যন্ত্রটি অচল থাকায় আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্পসহ সাম্প্রতিক কোনো ভূকম্পনই আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা সম্ভব হয়নি। এতে ভূমিকম্পপ্রবণ উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষ কার্যত সতর্কবার্তা-বিহীন অবস্থায় রয়েছে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০১০ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশে সাত স্থানে সিসমোগ্রাফ স্থাপন করা হয়। তার অংশ হিসেবেই পবিপ্রবি ক্যাম্পাসে যন্ত্রটি বসানো হয়। শুরুতে মাত্র দু’টি ভূকম্পনের তথ্য রেকর্ড করার পর ২০১১ সালেই সেটি বিকল হয়ে যায়। মাঝপথে ইন্টারনেট সংযোগ ও কিছু মেরামতের চেষ্টা হলেও কয়েক মাস যেতে না যেতেই আবার চূড়ান্তভাবে অচল হয়ে পড়ে। এরপর আর কোনো রক্ষণাবেক্ষণ বা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়নি।

ভূমিকম্প গবেষকদের মতে, পি, এস, সারফেস ও রেলি—এই চার ধরনের ভূকম্পন তরঙ্গের সময় ব্যবধান বিশ্লেষণ করে আগাম সতর্কতা দেওয়া সম্ভব। কার্যকর সিসমোগ্রাফ থাকলে কম্পনের প্রাথমিক সংকেতই জান–মালের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। বিশেষ করে উপকূলীয় এলাকায় নিয়মিত ভূমি ধস, টেকটনিক পরিবর্তন ও সাগরপৃষ্ঠের উচ্চতা বাড়ার ঝুঁকির কারণে আধুনিক মনিটরিং অত্যন্ত জরুরি।

যন্ত্রটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মুনীবুর রহমান বিদেশে শিক্ষা ছুটিতে রয়েছেন। দায়িত্ব পালন করা বিভাগীয় অধ্যাপক ড. এস. এম. তাওহীদুল ইসলাম জানান, “এটি অনেক পুরোনো অ্যানালগ প্রযুক্তি। বিশ্ব এখন ডিজিটাল সিসমোগ্রাফ ব্যবহার করে। প্রকল্পটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারা সিদ্ধান্ত নিলেই সমস্যা সমাধান সম্ভব।”

স্থানীয় গবেষক ও সচেতন মহল বলছেন, দীর্ঘদিনের এই অচলাবস্থা দক্ষিণাঞ্চলকে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাই দ্রুত আধুনিক ডিজিটাল সিসমোগ্রাফ স্থাপন ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে সরকারি উদ্যোগ নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here