কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চিলমারী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার বাদী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক রমনা ইউনিয়নে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণের সময় চিলমারী উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আবু হানিফা সাদ্দাম (৩৩) ও তার সহযোগীরা নিয়ম বহির্ভূতভাবে কৃষি উপকরণ দাবি করেন। তিনি তা প্রত্যাখ্যান করলে অভিযুক্তরা গালিগালাজ ও সরকারি কাজে বাধা দেয়। পরে উপকরণ না পেয়ে চাঁদা দাবি করলে রাজ্জাক আবারও অস্বীকৃতি জানান। এ সময় সাদ্দামসহ অপর দুই আসামি—স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান (২৮) ও নাজমুল হুদা (৩০)—তাকে মারধর করেন।
ঘটনার সময় চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সহকর্মীরা আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
শুক্রবার (২১ নভেম্বর) চিলমারী থানায় মামলা নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
অভিযুক্ত সাদ্দামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এ বিষয়ে চিলমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. লুৎফর হায়দার লিপটন বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নন।
কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্যসচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু জানান, বিষয়টি তদন্ত করে দেখার পর সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, “আমাদের সহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। যারা সরকারি দায়িত্ব পালন করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা দ্রুত বিচার চাই।”
এই বাংলা/এমএস
টপিক

