দুধকুমার নদের চরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, ভারতীয় নাগরিক বলে প্রাথমিক ধারণা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দুধকুমার নদের চরে কাদায় আটকে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ভারতের আসাম রাজ্য থেকে ভেসে এসেছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের চর খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা দুধকুমার নদের চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, নিহত নারীর পরনে কালো রঙের জামা-পায়জামা ছিল। তিলাই ইউনিয়ন ভারতের সীমান্তবর্তী হওয়ায় এবং দুধকুমার নদের ওপারেই ভারতের আসাম রাজ্য হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজানের পানির স্রোতে মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি একজন ভারতীয় নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, শনিবার (৪ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে দাফনের জন্য মরদেহটি স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here