ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী ও লালমনিরহাট সীমান্তবর্তী তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে “তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, তিস্তা বাঁচাও দেশ বাঁচাও” স্লোগানে জলঢাকা থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিস্তা অববাহিকার বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
তিস্তা ব্যারেজ পরিদর্শনে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু এবং ফরহাদ হোসেন আজাদ।
এছাড়া সফরে অংশ নেন হাসান রাজীব প্রধান, রোকনউদ্দিন বাবলু এবং মাওলানা আব্দুস সাত্তার। স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকা ও ব্যারেজের বিভিন্ন অংশ মন্ত্রীদের ঘুরে দেখানো হয়।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তিস্তা অববাহিকার নদীভাঙন, পানির সংকট এবং কৃষি উৎপাদন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশীয় ও বিদেশি প্রযুক্তির সমন্বয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধ, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের দাবি জানান।

