তরুণদের স্বপ্ন ডানায় ভর করে এগোচ্ছে বাংলাদেশ, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ঘিরে আশার আলো বরিশালে: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

বরিশাল প্রতিনিধি :

 

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। একটি স্বনির্ভর, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিশু-কিশোর ও তরুণদের বিকাশে খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

শনিবার (১৬ মে) কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়াম-এ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করতেই সরকারের এই ব্যতিক্রমী আয়োজন। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি একজন শিশুর আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দেশপ্রেম গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা ক্রমেই কঠিন হচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের তরুণদের শুধু শিক্ষায় নয়, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তায়ও এগিয়ে থাকতে হবে। সেই লক্ষ্যেই সরকার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, “আমরা চাই দেশের কোনো প্রতিভা অর্থের অভাবে হারিয়ে না যাক। খেলাধুলাকে আমরা এমন একটি পেশা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে পরিবারও ভরসা পাবে, সমাজও সম্মান দেবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, পাহাড় থেকে সমতল, শহর থেকে প্রত্যন্ত গ্রাম—ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে দেশের সব শিশুকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। খেলাধুলা সেই সমতার একটি শক্তিশালী মাধ্যম, যা সামাজিক বন্ধন দৃঢ় করে এবং তরুণদের সৃজনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়।

শিশুর পরিপূর্ণ বিকাশে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শৈশবেই সঠিক পুষ্টি, শিক্ষা ও খেলাধুলার সমন্বয় ঘটাতে পারলে একটি শিশু পরিণত হয় আত্মবিশ্বাসী নাগরিকে। প্রাথমিক বিদ্যালয়ে রঙিন খেলনা ও আনন্দভিত্তিক শিক্ষার ব্যবস্থাও এ কারণেই চালু করা হয়েছে। একইসঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও নেতৃত্বগুণ বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও মো. মোস্তাফিজুর রহমান। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে জেলা পর্যায়ে নির্বাচিত ১২০ জন প্রতিভাবান খেলোয়াড় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে বরিশালের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়—এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনে চলা এক অনন্য উদ্যোগ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here