চট্টগ্রাম প্রতিনিধি :
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের চট্টগ্রাম সফর ঘিরে সার্কিট হাউজে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ও সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দায়িত্বরত সাংবাদিকদের ওপর কিছু নামধারী সাংবাদিক উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্কিট হাউস চত্বর ত্যাগ করতে বলা হলেও তারা বারবার ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রেস ক্লাব নেতারা দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি প্রেস ক্লাবকে কেন্দ্র করে একটি কোটারি গড়ে তুলেছিল। তাদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এসব কারণে সংগঠনের শৃঙ্খলা ও পেশাদারিত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। পেশাদার সাংবাদিকদের জন্যই এই প্রতিষ্ঠান। ভবিষ্যতেও পেশাদার ও যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হবে এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব বা অনিয়ম বরদাশত করা হবে না।
একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

