ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর জোর, পিরোজপুরে জেলা প্রশাসনের সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি :

মৌসুমি ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদার করছে পিরোজপুর জেলা প্রশাসন। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ ‘শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে’ অনুষ্ঠিত ‘ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE)’ বিষয়ক জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি তরুণদের নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস এবং গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার ডেঙ্গু পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় সিদ্ধান্ত হয়, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকায় মশার লার্ভা ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করা হবে।

সমন্বয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here