ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি :

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে দেশের প্রথম ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীনসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শিক্ষা ও গবেষণায় একটি শক্তিশালী ও প্রভাবশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পাঠদান, মূল্যায়ন এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা প্রচলিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে রূপান্তরিত করছে।”

তিনি আরও বলেন, “আমরা পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে অবস্থান করছি। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনকে কাজে লাগিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাখাতে এআই-এর যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি।

ডুয়েটের কারিকুলাম, প্রশাসন ও গবেষণাসহ সব ক্ষেত্রে ধাপে ধাপে এআই অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারব।”

উপাচার্য আরও উল্লেখ করেন, এই ল্যাবের উদ্বোধন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ডুয়েটের শিক্ষক ও গবেষকদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রতিফলন।

বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও ইউজিসির তত্ত্বাবধানে বাস্তবায়িত এই উদ্যোগ সরকারি অর্থের স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “এই ল্যাব ডুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলবে। বিশেষ করে এআই-এর মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, ইউজিসির ‘হিট’ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই ল্যাবটি দেশের শিক্ষাখাতে এআই-ভিত্তিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এবং বৈশ্বিক চাহিদা পূরণে এই ল্যাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here