নিজস্ব প্রতিবেদক :
টানা অতিবৃষ্টির কারণে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির ক্ষেত ও আমন ধানের বীজতলা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে প্রায় ২ হেক্টর জমির শাকসবজি এবং ১ হেক্টর আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে মরিচ, বেগুন, ধুন্দল, মিষ্টিকুমড়া, ঢেঁড়শসহ বিভিন্ন মৌসুমি সবজি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাচ্ছে এবং অনেক ক্ষেতেই ফসল নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা কৃষি কর্মকর্তার প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অতিবৃষ্টির কারণে পাঁচ লাখ টাকারও বেশি মূল্যের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বলেন, “টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু শাকসবজি ও আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে অনেক ক্ষেত্রেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
তিনি আরও জানান, জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন, রোগবালাই দমন এবং ক্ষতিগ্রস্ত জমির পুনর্বাসনে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে।

