নাটোর প্রতিনিধি :
টানা বর্ষণের কারণে নাটোরের সিংড়া পৌর এলাকার আত্রাই নদীর শহররক্ষা বাঁধের প্রায় ১৫ ফুট ওয়াকওয়ে ধসে পড়েছে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
জানা গেছে, সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লায় আত্রাই নদীর শহররক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচের মাটি ও বালি সরে যাওয়ায় প্রায় ১৫ ফুট অংশ ধসে পড়ে। এর ফলে প্রতিদিন এ পথ ব্যবহারকারী স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম। তারা ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, নদীর গাইড ওয়াল অক্ষত রয়েছে। শুধুমাত্র ওয়াকওয়ের অংশ ধসে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে বর্ষা মৌসুমে আরও ভাঙনের আশঙ্কা থাকায় দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৭০৮ মিটার দীর্ঘ সিংড়া শহররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প ২০১৮ সালের এপ্রিলে অনুমোদন পায়। ২০১৯ সালের এপ্রিলে কাজ শুরু হয়ে ২০২২ সালের ৩০ জুলাই বাঁধটির উদ্বোধন করেন তৎকালীন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তবে উদ্বোধনের মাত্র ২৭ দিনের মাথায় বাঁধের দক্ষিণ অংশে ধস দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। এবার টানা বর্ষণে একই এলাকায় ওয়াকওয়ের নতুন করে ধস সৃষ্টি হওয়ায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।

