গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে সুন্দরী নারীর মাধ্যমে প্রলোভনে ফেলে মানুষকে ফ্ল্যাটে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার মোছা. আফসানা আক্তার আঁখি (২৮), মুদাফা এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস নদী (২৬) এবং বড় দেওড়া ফকির মার্কেট এলাকার তারেক (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ তারিখে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ৬ তলা ভবনের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। শেরপুর জেলার সালেহীন মিয়া ও তার বন্ধু টিটু মিয়াকে সুন্দরীর মাধ্যমে প্রলোভন দেখিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
ফ্ল্যাটে প্রবেশ করার পরপরই ভুক্তভোগীদের দরজা বন্ধ করে আটকে রাখা হয়। পরে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাদের কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সালেহীন মিয়া বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একাধিক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

