টঙ্গীতে সপ্তাহে একদিন অফিস করবেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশনের বৃহত্তম অঞ্চল টঙ্গীর নাগরিক সেবা আরও গতিশীল ও জনমুখী করতে নতুন উদ্যোগ নিয়েছেন শওকত হোসেন সরকার। নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সপ্তাহে একদিন নিয়মিত টঙ্গীর আঞ্চলিক কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন-এর অঞ্চল-১ কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন।

দিনের শুরুতে প্রশাসক টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে বর্জ্যে ভরাট হয়ে থাকা ড্রেনগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি সাতাইশ খড়তৈল এলাকার মনসুর আলী স্কুল-সংলগ্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এরপর টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকার মোহাম্মদ আলী স্কুল-সংলগ্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদাপানির কারণে এ সড়কে চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ হয়ে উঠত।

দুপুরে গাজীপুরা চানকি রোড এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের অভাবে টঙ্গীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, মশার উপদ্রব এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে গিয়েছিল। অতীতে একাধিকবার সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

তবে প্রশাসকের বর্তমান উদ্যোগে অঞ্চলজুড়ে সমন্বিতভাবে ড্রেন পরিষ্কার ও সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, নিয়মিত তদারকি ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকলে টঙ্গী আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর এলাকায় পরিণত হবে এবং নাগরিক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here