বিশেষ প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র” (প্রস্তাবিত) মাঠে এ সভার আয়োজন করা হয়।
সকালের শুরু থেকেই সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। সমবায়ভিত্তিক উন্নয়নের প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মিলনমেলার আবহ।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে এবং সিইও শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। তিনি বলেন, সমবায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সুশাসনের মাধ্যমে সমবায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন (টগর)।
এছাড়াও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সাফল্য, আর্থিক স্বচ্ছতা ও সদস্যবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার এবং মোট মূলধনের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং বৃহত্তর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

