ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অটোরিকশাচালক মো. ইমাম হোসেনের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, “সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জানাজা শেষে নুসরাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

