ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন এবং নৌকাযোগে বিভিন্ন এলাকা থেকে সবজি এনে শহরে বিক্রি করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সবজি বিক্রি শেষে নৌকায় বাড়ি ফেরার সময় বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন তিনি। বহু খোঁজাখুঁজি করেও সেদিন তাকে পাওয়া যায়নি। দুই দিন পর সকালে খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

