চট্টগ্রাম প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং অসহায় অবস্থায় রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তর থেকে এ সহযোগিতা নিশ্চিত করা গেলে শহীদদের আত্মত্যাগের যথাযথ সম্মান জানানো সম্ভব হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।
বক্তব্যে মেয়র জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তি নয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তাই ‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংকটকালে মানবিক দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহসহ প্রেস ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

