চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর ফাইনালে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া দল ২-২ গোলে ড্র করায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে তানভীর আহমেদের নেওয়া ফ্রি-কিক থেকে হেডে গোল করে প্রিন্ট মিডিয়াকে এগিয়ে দেন রফিক হায়দার। গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে ইলেকট্রনিক মিডিয়া দল। প্রথমার্ধেই জাহাঙ্গীর আলমের পাস থেকে সুমন গোস্বামী গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে প্রিন্ট মিডিয়ার এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইলেকট্রনিক মিডিয়া। তবে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তানভীর আহমেদের ভাসানো বল থেকে ওসমান সারোয়ার দারুণ এক প্লেসিং শটে গোল করে প্রিন্ট মিডিয়াকে ২-২ সমতায় ফেরান।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের এ ধরনের আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ক্রীড়া সম্পাদক রুবেল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন। পাশাপাশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

