স্টাফ রিপোর্টার :
দেশের আলেম-উলামা ও ইসলামী চিন্তাধারার লেখকদের সংগঠন জাতীয় লেখক পরিষদ-এর উদ্যোগে ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শামছুল হুদা।
সম্মেলনে লেখালেখি, গবেষণা ও সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়। সাংবাদিকতা, সাহিত্য ও লেখক তৈরিতে অসামান্য অবদানের জন্য মাওলানা লিয়াকত আলী, শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী এবং ইতিহাস, দর্শন, গবেষণা ও রাষ্ট্রচিন্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাওলানা মুসা আল হাফিজ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযূর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পরিচালক ড. ওয়ালীউর রহমান খান আজহারী, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা লাবিব আব্দুল্লাহ, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, লেখক ও অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, শায়খ মুহাম্মদ উসমান গনি, হাফেজ মাওলানা যুবায়ের আহমদসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লেখক, গবেষক, সাহিত্যিক ও সাংবাদিকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ আল হাসিব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভাপতির বক্তব্যে সৈয়দ শামছুল হুদা বলেন, ইসলামী সাহিত্য, গবেষণা ও সৃজনশীল লেখালেখিকে সমৃদ্ধ করতে লেখকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন প্রজন্মের লেখকদের দক্ষতা উন্নয়ন, মানসম্পন্ন গ্রন্থ রচনা এবং ইসলামী জ্ঞানচর্চাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে জাতীয় লেখক পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
বক্তারা বলেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রচারে লেখকদের দায়িত্ব অপরিসীম। দেশ ও জাতির কল্যাণে গবেষণাভিত্তিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখালেখির ওপর গুরুত্বারোপ করে তারা নতুন লেখকদের উৎসাহিত করতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, সাহিত্যচর্চা ও সম্মাননা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানজুড়ে লেখক, গবেষক ও সাহিত্যসেবীদের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

