গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মে মাসে বরিশাল বিভাগের ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার নেতৃত্বে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনে শতভাগ (১০০%) এবং মৃত্যু নিবন্ধনে ১৮৯% সাফল্য অর্জিত হয়েছে। সব মিলিয়ে উপজেলার গড় সাফল্য দাঁড়িয়েছে ১৪৫%। এই অর্জনকে স্থানীয় প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এই সাফল্যের পেছনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সকল কর্মীর সমন্বিত ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ইউএনও নিজেও মাঠপর্যায়ের কর্মীদের অবদানের কথা স্বীকার করে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আবুজর মো. ইজাজুল হক পূর্বেও দেশের ৫০৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে জন্ম–মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক এই অর্জন গলাচিপা উপজেলার প্রশাসনিক দক্ষতা ও জনসেবার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে উপজেলা প্রশাসন জনসেবামূলক কার্যক্রমে আরও অগ্রণী ভূমিকা রাখবে।

