নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১,০০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসলেও প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর স্বল্পতার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক রোগী যথাসময়ে চিকিৎসা নিতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বহির্বিভাগে অতিরিক্ত রোগীর চাপ থাকলেও চিকিৎসকের সংখ্যা তুলনামূলক কম। ফলে টিকিট নেওয়া থেকে শুরু করে চিকিৎসকের সাক্ষাৎ পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, আবার কেউ কেউ সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন। বিশেষ করে বয়স্ক ও শিশু রোগীদের নিয়ে আসা স্বজনদের দুর্ভোগ আরও বেশি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমের অবস্থা অত্যন্ত নাজুক বলে জানিয়েছেন সেবা নিতে আসা রোগীরা। তারা জানান, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগীদের পাশাপাশি স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাথরুমগুলো নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন, বাথরুমের এমন অবস্থা যে সুস্থ মানুষও সেখানে গেলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

স্বাস্থ্যসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, প্রয়োজনীয় চিকিৎসা সময়মতো না পাওয়ায় তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তারা দ্রুত জনবল বৃদ্ধি ও হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের দাবি জানান।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক জানান, জনবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জনবল চেয়ে আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ পেলে রোগীদের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক রোগী সেবা নিতে আসায় দ্রুত জনবল বৃদ্ধি, বাথরুমসহ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হবে—এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের।

