নিজস্ব প্রতিবেদক :
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি কর্মচারীরা জনপ্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলে জানিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা।
তিনি আজ বোয়ালখালী উপজেলায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, “জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেই আস্থা ধরে রাখা এখন আমাদের দায়িত্ব। নাগরিক যেন এসে বলতে পারে—আমি আমার সেবা পেয়েছি—এই নিশ্চয়তা দিতে হবে।”
জেলা প্রশাসক বলেন, “৪০ কেজির বস্তা তুলতে কষ্ট হয়, কিন্তু ৬০ কেজির সন্তানকে কোলে নিতে কষ্ট হয় না। কারণ সেখানে ভালোবাসা থাকে। রাষ্ট্রের প্রতি যদি সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থাকে, তাহলে কোনো কাজই কঠিন মনে হবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো সিন্ডিকেট, সন্ত্রাস বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। আমরা এমন একটি নিরাপদ রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।”
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জাতির অত্যন্ত প্রত্যাশিত নির্বাচন আমরা উৎসবমুখর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে পেরেছি। এখন সময় দায়িত্বশীলতার সঙ্গে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, শুধু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করলেই দায়িত্ব শেষ নয়। “কাজের প্রভাব দেখতে হবে। মানুষ কতটা উপকৃত হলো—সেটিই মূল বিষয়।”
দেশের সম্পদ সীমিত উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। “আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, কোনো ব্যক্তির কাছে নয়। আইনের চোখে সবাই সমান—এটি নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভায় জলাবদ্ধতা, খাল খনন ও ড্রেজিংসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। জেলা প্রশাসক জানান, এসব বিষয়ে দ্রুত প্রতিবেদন নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেদী হাসান ফারুক, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

