চোখের আলো ফিরিয়ে দিতে সাজেদা ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ১৫৮ জনের চোখ পরীক্ষা, ১২৬ জন পেলেন চশমা

নিজস্ব প্রতিবেদক :

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন কর্মসূচিতে আগত রোগীর অভিভাবক ও হাসপাতালে অন্যান্য সেবা গ্রহণকারী রোগীদের জন্য বিনামূল্যে বিশেষ চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ বিশেষ চক্ষু ক্যাম্পে মোট ১৫৮ জনের চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২৬ জনের নিকট দৃষ্টির ত্রুটি (প্রেসবায়োপিয়া) শনাক্ত হওয়ার পর তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের দৃষ্টিশক্তি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

বিশেষ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকার এবং অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মো. রুহুল আমিন।

সাজেদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রাম) তামান্না ফেরদৌস, আরজিআইএল (RGIL) প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডা. খাদিম আল দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলামসহ প্রকল্পের কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত আরজিআইএল প্রকল্প বর্তমানে দেশের ৩০টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প সূত্রে জানা যায়, এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষের নিকট দৃষ্টির ত্রুটি (প্রেসবায়োপিয়া) শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের কাছে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার বলেন, “নিকট দৃষ্টির ত্রুটির এত সহজ সমাধান রয়েছে, তা আগে জানা ছিল না।” তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নিকট দৃষ্টির সমস্যায় ভোগা মানুষের কাছে সহজলভ্য চক্ষুসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here