চরভদ্রাসনে জেলের চায়না দোয়ারীতে আটকা পড়ল মেছো বাঘের বাচ্চা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দোয়ারীতে আটকা পড়ে একটি মেছো বাঘের বাচ্চা। বিরল এ বন্যপ্রাণীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দোয়ারী তুলতে গেলে ভেতর থেকে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি ধরতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও পরে তিনি স্থানীয় লুৎফরকে খবর দেন। দুজনে মিলে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এ সময় প্রাণীটির থাবার আঁচড়ে তারা দুজনই আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন।

প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় করেন। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন। তিনি জানান, মেছো বাঘের বাচ্চাটিকে প্রথমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরপর জেলা বন বিভাগের নির্দেশনা অনুযায়ী সেটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের চায়না দোয়ারীতে আটকা পড়ে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানানো হয়েছে, যাতে বিরল প্রাণীগুলো নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here