ঘিওরে মাদক মামলায় একই পরিবারের চার সদস্য আটক, উদ্ধার হেরোইন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের ঘিওরে মাদকদ্রব্যসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন স্থানীয়ভাবে আলোচিত মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত মমতাজ বেগম, তার স্বামী, ছেলে ও মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ওরফে মমো, তার স্বামী খোকন এবং ছোট ছেলে মানিককে ৬৮ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মমতাজ বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে সন্ধ্যার দিকে মমতাজের মেয়ে স্মৃতি আক্তার ভাঙচুর হওয়া বাড়ির পাশের ঝোপঝাড় এলাকা থেকে ৪৫ পুরিয়া হেরোইন নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন বলে জানা যায়। স্থানীয়রা তাকে গণধোলাই দেওয়ার পর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ বিষয়ে মীর মাহাবুবুর রহমান বলেন, একই পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া মমতাজ বেগমের বড় ছেলে রতন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here