গাজীপুর মহানগরের বাসন থানাধীন পূর্ব চান্দনা মৌজায় নির্মাণাধীন একটি বহুতল ভবনকে ঘিরে অনুমোদিত নকশা লঙ্ঘন, নিরাপত্তা বিধি উপেক্ষা এবং ভবন নির্মাণ আইন অমান্যের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত ডেভিয়েশন রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজ চলাকালে শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সেফটি নেট ব্যবহার করা হয়নি। আইন অনুযায়ী বাধ্যতামূলক নির্মাণ-সংক্রান্ত তথ্যসম্বলিত সাইনবোর্ডও নির্মাণস্থলে টানানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ অনুযায়ী, ভবনের মালিক মো. আবু বকর সিদ্দিক (পিতা: মো. আলাউদ্দিন) গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর সিটি করপোরেশনের অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ না করে এবং বাংলাদেশ জাতীয় ভবন নির্মাণ বিধিমালা (BNBC) অনুযায়ী নির্ধারিত সেটব্যাক বজায় না রেখেই ভবন নির্মাণ করছেন।
এছাড়া ভবনের মালিক দাবি করেন, ভবনের নকশা অনুমোদনের জন্য প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের টাকা দিতে দিতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তিনি এ দাবির পক্ষে কোনো কর্মকর্তার নাম বা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

