গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা উপজেলা-এর বড়বাঁধ এলাকায় ছিঁড়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মো. জলিল এবং সিনিয়র অফিসার আসাদুজ্জামান মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সড়কের ওপর ছিঁড়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে হঠাৎ স্পর্শ লাগলে আসাদুজ্জামান গুরুতর আহত হন এবং পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নলুয়াবাগির ৯ নম্বর ওয়ার্ডের ফজলুল হক মৃধার ছেলে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।
অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

