নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত নগদ টাকা ও মালামালের একটি অংশ উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার একটি বাড়িতে সাত সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত নগদ টাকা ও অন্যান্য মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্গাপুর থানার ওসি মো. শাকের আহম্মেদ বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এদিকে পুলিশের দ্রুত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত অভিযান পরিচালনার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এই বাংলা/এমএস
টপিক

