কুড়িগ্রাম প্রতিনিধি :
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার (২২ জুলাই) কুড়িগ্রামে জুলাই পদযাত্রা করবে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই মূল লক্ষ্য।
কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামে অনুষ্ঠিত পদযাত্রায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. মো. আতিকুর রহমান মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম, মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মোছা. মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মোছা. মাহমুদা মিতু এমপি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি জানান, পদযাত্রাটি কুড়িগ্রাম পৌর এলাকার কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শেষ হবে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলা জুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মো. মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান মো. রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক মোছা. নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মোছা. মেরিনা পারভীন এবং যুব শক্তির আহ্বায়ক এম. মাসুদুর রহমানসহ অন্যান্য নেতারা।

