খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র মহাজনপাড়ায় অবস্থিত ‘হোটেল অতিথি রিসোর্ট’-এ অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টটির ৩০২ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটির চতুর্থ তলায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয়। তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটক কৃতরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (২৩)মহালছড়ির মুসলিম পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে (বর্তমানে খাগড়াছড়ি সদরের শালবন নিবাসী),মোছাঃ সালমা বেগম (৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পুনামাগাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে হোটেলের বোর্ডার রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, গত ২৩ এপ্রিলের পর থেকে কোনো অতিথির নাম নথিবদ্ধ করা হয়নি। মাদক ব্যবসায়ীদের অবৈধভাবে অবস্থান করতে দেওয়া এবং তথ্য গোপন করে অপরাধে সহযোগিতা করার অভিযোগে হোটেলের ম্যানেজার মোঃ মহসিন (৪৫)-কেও পুলিশ গ্রেপ্তার করেছে। আটক মহসিন কুমিল্লা জেলার লাকসাম থানার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১৫, তারিখ-২৭ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের আশ্রয়দাতা হোটেলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

