কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম (সালেহী) এর মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল খালেক এর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছেন, তবে প্রমাণ জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তাকে বিকাল পর্যন্ত প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক এর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, কারণ তিনি জমা দেওয়া ভোটার স্বাক্ষরের মধ্যে অসঙ্গতি রয়েছে। প্রাথমিক যাচাইতে ১০ জন ভোটারের মধ্যে তিন জনের স্বাক্ষর জাল প্রমাণিত হয়েছে।
কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, “দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং ভোটার স্বাক্ষর জালের কারণে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।”
এদিন কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে বিকালে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনের মনোনয়নবাছাই অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নবাছাই সম্পন্ন হয়। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ ও বিএনপি প্রার্থী আতিকুর রহমান এর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল; তারা চাইলে আপিলের সুযোগ পাবেন।

