কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে ‘নবান্ন উৎসব–১৪৩২’ উদযাপন

0
196
শিক্ষার্থীদের তৈরি পিঠায় মুখর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নবান্ন উৎসব / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘নবান্ন উৎসব–১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল আনন্দ–উচ্ছ্বাস আর কৃষিভিত্তিক ঐতিহ্যের উষ্ণ ছোঁয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি নানান ধরনের শীতকালীন পিঠা। দলগতভাবে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী সাজিয়ে উপস্থাপন করেন, যা উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম রঙিন ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীরা ফুল দিয়ে উপাচার্যকে অভিনন্দন জানান এবং তাঁকে শীতের পিঠা পরিবেশন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “নবান্ন আমাদের কৃষি–সংস্কৃতির প্রতীক। কৃষির প্রতি শ্রদ্ধা এবং কৃষকদের পরিশ্রমের মূল্যায়ন করতে হলে এ ধরনের উৎসবের ধারাকে ধরে রাখতে হবে।” তিনি স্বল্প সময়ে সুচারুরূপে আয়োজন সম্পন্ন করায় শিক্ষার্থীদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, নবান্ন উৎসব শুধুমাত্র বিনোদন নয়; এটি কৃষির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার একটি বিশেষ উপলক্ষ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার আশা প্রকাশ করেন তারা।

আয়োজকদের মতে, নবান্ন উৎসব শিক্ষার্থীদের মধ্যে কৃষি ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here