কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) পবিত্র রমজানকে সামনে রেখে বিনা লাভের বাজার শুরু করেছে। খলিলগঞ্জ বাজারের পাশে জেলা মহিলা বিষয়ক অফিস সংলগ্ন ছোট্ট ঘরে ১১ ফিট বাই ৩ ফিট টেবিলে সাজানো ডিম, আলু, পিয়াজ, বেগুন, সিম, শশা, বরবটি, ধনেপাতা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের জন্য বিক্রি হচ্ছে।
মুদি দোকানদার মোঃ রওশন বলেন, “আমি নিজেও একজন মুদি। এখানে ১ হালি ডিম কিনলাম মাত্র ২৮ টাকায়। বাজারে এটি কিনতে লাগতো ৩৬ টাকা। এক হালি ডিমে আমার প্রায় ৮ টাকা লাভ হলো।” খলিলগঞ্জ গ্রামের মর্জিনা বেগম জানান, “এমন বাজার আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা চাই প্রতিদিন এমন বাজার হোক। আমরা খুব খুশি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাজারটি প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। ফুল সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিক্রেতার দায়িত্ব পালন করছেন। উদ্বোধন করেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, “রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে রোজার আনন্দ ভাগাভাগি করতে এই বিনা লাভের বাজারের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা কামনা করছি।”
এই বাংলা/এমএস
টপিক

