কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, কসমেটিকস সামগ্রী ও গবাদিপশু জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করা হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন পণ্য, মাদক এবং গবাদিপশু পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবির সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত পণ্য ও গবাদিপশু প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

